শাওমির আয়ে ৬৪ শতাংশ প্রবৃদ্ধি

২৫ আগষ্ট, ২০২১ ২২:২৭  
চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির গত বছরের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আয়ে ৬৪ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও আয় বেড়েছে প্রায় তিন বিলিয়ন ইউয়ান। খবর রয়টার্স। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে শাওমির আয়ের পরিমান ছিলো ৫৩ দশমিক ৫৪ বিলিয়ন ইউয়ান। এবছর একই সময়ে কোম্পানিটি ৮৭ দশমিক ৮ বিলিয়ন ইউয়ান (১৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার) আয় করেছে। অথচ বিশ্লেষকরা মনে করেছিলেন গত এপ্রিল থেকে জুন পর্যন্ত কোম্পানিটি ৮৪ দশমিক ৫৩ বিলিয়ন ইউয়ান আয় করতে পারে। প্রকাশিত তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে শাওমির নিট আয় হয়েছে ছয় দশমিক ৩২ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের তুলনায় ৮৭ দশমিক চার শতাংশ বেশি। দ্বিতীয় প্রান্তিকে আয়-ব্যয় বিবরণী প্রকাশের পাশাপাশি একটি চালকবিহীন ড্রাইভিং স্টার্টআপ কেনার ঘোষণা দিয়েছে শাওমি। মূলত প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের ব্যবসায় সম্প্রসারণের প্রস্তুতি নিতে এই স্টার্টআপটি কিনছে শাওমি। যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক কালো তালিকাভুক্ত হওয়ায় শাওমির প্রতিদ্বন্দ্বি হুয়াওয়ের স্মার্টফোন ডিভিশন বেশ বেকায়দায় রয়েছে। এক্ষেত্রে শাওমিসহ অন্যান্য চীনা অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো ও ভিভোর বাজার বেড়েছে। সম্প্রতি অ্যাপলকে ছাড়িয়ে সাময়িকভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের খেতাব দখলে নেয় শাওমি। ডিবিটেক/বিএমটি